ভোলার এসপি’র ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড

২২ অক্টোবর, ২০১৯ ১৪:৫৭  
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের সঙ্গে ধর্মীয় উগ্রপন্থী জনতার সংঘর্ষের পর পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সারের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এ ঘটনায় সকালে ভোলা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) এসপি সরকার মোহাম্মদ কায়সার নিজেই গণমাধ্যমেকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গতকাল রাতে তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে এবং তারপর থেকে তিনি ওই অ্যাকাউন্টটিতে আর ঢুকতে পারছেন না। ভোলা মডেল থানার ওসি এনায়েত হোসেন জানান, এ ব্যাপারে ভোলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং ৯৯৩। প্রসঙ্গত, গত ২০ অক্টোবর ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিপ্লব চন্দ্র বৈদ্যর ফেসবুক মেসেঞ্জারে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করার অভিযোগকে কেন্দ্র করে জনতা-পুলিশ সংঘর্ষে অন্তত চারজন নিহত এবং শতাধিক আহত হন। এ ঘটনার পর গতকাল ভোলা জেলায় সব ধরণের সমাবেশ ও বৈঠক নিষিদ্ধ করে স্থানীয় প্রশাসন। তবে এই নিষেধ উপেক্ষা করে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ‘সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ’।